আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সড়ক ও রেলপথের আশপাশে কোনো ধরনের পশুর হাট বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়–সম্পর্কিত অধিবেশন শেষে এ নির্দেশনার কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, অতীতে সড়কের ওপর হাট বসানোর কারণে তীব্র যানজট ও জনদুর্ভোগ তৈরি হয়েছিল। সেই অভিজ্ঞতা থেকে এবার আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা প্রশাসন ও পুলিশকে সমন্বিতভাবে নির্দেশনা বাস্তবায়নের জন্য বলা হয়েছে, যাতে চলাচলে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়।
পশুর হাটে শৃঙ্খলা বজায় রাখতে বড় হাটগুলোতে পুলিশের বিশেষ নজরদারি থাকবে জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে বডি-ওয়ার্ন ক্যামেরা ব্যবহার করা হবে। জাল নোট প্রতিরোধে হাটে শনাক্তকরণ মেশিন সরবরাহ এবং ব্যাংকগুলোকেও সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া অবৈধভাবে হাট বসানো ঠেকাতে মোবাইল কোর্ট ও আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হবে।
কোরবানির পশুর চামড়া সংরক্ষণ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গ্রাম ও উপজেলা পর্যায়ে সাত দিন পর্যন্ত লবণ দিয়ে চামড়া সংরক্ষণ করতে হবে এবং এই সময়ের মধ্যে ঢাকায় চামড়া আনা যাবে না। এতে রাজধানীর ইটিপি ব্যবস্থার ওপর চাপ কমবে এবং চামড়া নষ্ট হওয়া রোধ করা সম্ভব হবে। এ জন্য প্রয়োজনীয় লবণ বিনামূল্যে সরবরাহ করা হবে।
ঈদযাত্রায় নিরাপত্তা জোরদারে পুলিশ সদর দপ্তরে একটি কেন্দ্রীয় মনিটরিং সেল গঠনের কথাও জানান তিনি। মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি নজরদারি চালু থাকবে এবং ফেরিঘাটগুলোতে নৌ-দুর্ঘটনা এড়াতে সচেতনতামূলক কার্যক্রম জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।
নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।