নাইজেরিয়ার উত্তরাঞ্চলের প্রত্যন্ত গ্রামে শনিবার বন্দুকধারীদের হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন। আলজাজিরার খবরে বলা হয়েছে, নাইজার রাজ্যের বোরগু এলাকায় মোটরসাইকেলে আসা বন্দুকধারীরা টুঙ্গা-মাকেরি এবং কনকোসো গ্রামে তাণ্ডব চালিয়ে বহু মানুষ হত্যা করেছেন। হামলার সময় অন্তত ৬টি বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে জানা যায়, কনকোসো গ্রামে নিহতের সংখ্যা কমপক্ষে ২৬–৩৮ জনে পৌঁছেছে। বন্দুকধারীরা গুলি করে এবং গলা কেটে নিহতদের হত্যা করেছে। পাশাপাশি কিছু নারীকে অপহরণ করা হয়েছে। হামলার পর পিসা গ্রামে পুলিশ স্টেশনও পুড়িয়ে দেওয়া হয়েছে এবং একজনকে হত্যা করা হয়েছে।
নাইজেরিয়ার উত্তরাঞ্চলে দীর্ঘদিন ধরেই নিরাপত্তা সংকট চলছে। আইএসআইএস-সহ বিচ্ছিন্ন সশস্ত্র গোষ্ঠী নিপীড়ন, অপহরণ ও মুক্তিপণের জন্য সাধারণ মানুষকে টার্গেট করছে। নাইজার রাজ্য পুলিশের মুখপাত্র ওয়াসিউ আবিওদুন হামলার সত্যতা নিশ্চিত করেছেন এবং বলেছেন, “এ ধরনের সশস্ত্র হামলা সম্প্রদায়ের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করছে।”
বেসরকারি তথ্য অনুসারে, বহু মানুষ এখনও নিখোঁজ রয়েছে।