ইরানে যুদ্ধবিরতি সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে আলোচনা করতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং তার বিশেষ দূত স্টিভ উইটকফ।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার সকালে ওয়াশিংটন থেকে ইসলামাবাদের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাদের।
শুক্রবার এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট। তিনি বলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য দ্বিতীয় দফা সংলাপ ঘিরে যে অচলাবস্থা তৈরি হয়েছে, তা থেকে উত্তরণের কিছু সম্ভাবনা দেখছে ট্রাম্প প্রশাসন। সেই সম্ভাবনা নিয়েই আলোচনার উদ্দেশ্যে এই সফর।
ব্রিফিংয়ে লিভিট বলেন, ইরানের অবস্থান ও দাবি-দাওয়া সম্পর্কে ধারণা নিতে স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার পাকিস্তান সফরে যাচ্ছেন। এ সফর থেকে ইতিবাচক ফলাফলের আশা করছে যুক্তরাষ্ট্র।
এদিকে, শুক্রবারই সরকারি সফরে ইসলামাবাদে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। সেখানে তিনি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করেছেন।
তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়েই জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আনুষ্ঠানিক সংলাপে বসার কোনো পরিকল্পনা বর্তমানে তেহরানের নেই।

Leave a Reply