যুদ্ধবিরতি মানেই যুদ্ধের সমাপ্তি নয় বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।
বুধবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তিনি বলেন, এটি যুদ্ধের শেষ নয়। তবে সর্বোচ্চ নেতার নির্দেশ মেনে সামরিক বাহিনীর সব শাখাকে গোলাবর্ষণ বন্ধ রাখতে বলা হয়েছে।
তিনি আরও জানান, যুদ্ধবিরতি সত্ত্বেও যেকোনো সম্ভাব্য হামলা মোকাবিলায় ইরান প্রস্তুত রয়েছে। যুক্তরাষ্ট্র বা ইসরাইলের পক্ষ থেকে কোনো ধরনের আক্রমণ হলে কঠোর জবাব দেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।
একই ধরনের বার্তা দিয়েছে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ। সংস্থাটি জানায়, যুদ্ধবিরতি মানে সংঘাতের অবসান নয়; শত্রুপক্ষের সামান্য ভুলেরও পূর্ণ শক্তিতে জবাব দেওয়া হবে।
এর আগে দীর্ঘ উত্তেজনার পর ইরানের সঙ্গে শর্তসাপেক্ষে যুদ্ধবিরতিতে সম্মত হয় যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ইসরাইলও ইরানে হামলা থেকে বিরত থাকার বিষয়ে একমত হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালী পুনরায় পুরোপুরি চালু করার শর্তে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন তিনি।
অন্যদিকে তেহরান জানায়, ইরানে হামলা না হলে তারাও পাল্টা হামলা থেকে বিরত থাকবে।