দ্বিতীয় দিনের মতো আজ সচিবালয়ে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন তিনি ফ্যামিলি কার্ড সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে যোগ দেবেন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। জানা গেছে, ফ্যামিলি কার্ড কার্যক্রমের অগ্রগতি, সমন্বয় এবং বাস্তবায়ন–সংক্রান্ত বিষয়গুলো নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোর সঙ্গে আলোচনা হবে।
এর আগে বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। মন্ত্রিপরিষদ বিভাগে আয়োজিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন তিনি।
বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। বিকেল ৩টায় শুরু হওয়া এই বৈঠকের মাধ্যমে সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন নতুন প্রধানমন্ত্রী। প্রথম দিনের বৈঠকটি ছিল মূলত পরিচিতিমূলক সভা।
আজকের আন্তঃমন্ত্রণালয় বৈঠকে ফ্যামিলি কার্ড কর্মসূচি আরও গতিশীল ও কার্যকর করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।