সন্তানের কথা ভেবে কাঁদলেন বুবলী

ঢাকাই চিত্রনায়িকা শবনম বুবলী পর্দায় গ্ল্যামারাস ও হাসিখুশি উপস্থিতির জন্য পরিচিত। তবে বাস্তব জীবনের সংগ্রাম ও মাতৃত্বের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে ক্যামেরার সামনেই কান্নায় ভেঙে পড়েছেন তিনি।

সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে অংশ নিয়ে সন্তান শেহজাদ খান বীর–এর জন্মের সময়কার কঠিন অভিজ্ঞতার কথা স্মরণ করেন বুবলী। ২০২০ সালে করোনা মহামারির মধ্যে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একাকী সময় পার করার স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

বুবলী বলেন, মা হওয়ার সেই সময়টাকে তিনি নিজের ‘পুনর্জন্ম’ মনে করেন। প্রেগন্যান্ট অবস্থায় যুক্তরাষ্ট্রে ছিলেন এবং তখন বিশ্বজুড়ে কোভিড পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছিল। অজানা আশঙ্কা ও অনিশ্চয়তার মধ্যেই তাকে দিন কাটাতে হয়েছে বলে জানান তিনি।

কথা বলতে গিয়ে একপর্যায়ে কণ্ঠ জড়িয়ে আসে তার। চোখের পানি ধরে রাখতে না পেরে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করেন এই অভিনেত্রী।

কান্নাজড়িত কণ্ঠে বুবলী বলেন, পৃথিবীতে তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন তার মাকে। বাবা-মা দুজনই প্রিয় হলেও মায়ের প্রতি অনুভূতি আলাদা। একইভাবে নিজের সন্তানের প্রতিও অনুভূতিটা বিশেষ বলে উল্লেখ করেন তিনি। ছোটবেলায় মা শাসন করার সময় বলতেন, ‘মা হলে বুঝবি’—সেই কথার গভীরতা এখন উপলব্ধি করছেন বলে জানান বুবলী।

পডকাস্টে নিজের ক্যারিয়ার নিয়েও কথা বলেন তিনি। নবাগত হিসেবে মেরিল-প্রথম আলো পুরস্কার পাওয়া তার জন্য বড় অনুপ্রেরণা ছিল। পরিবারের অমতে শোবিজে এসে সেই স্বীকৃতি তাকে সাহস জুগিয়েছে বলে জানান তিনি। তবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ কয়েকটি পুরস্কার পাওয়ার আশ্বাস পেলেও শেষ পর্যন্ত না পাওয়ার আক্ষেপও প্রকাশ করেন এই অভিনেত্রী। তার ভাষ্য, অনেক সময় অভিনন্দন জানানো হলেও শেষ পর্যন্ত পুরস্কার পাননি—এটাকেই তিনি জীবনের অংশ হিসেবে দেখেন।

উল্লেখ্য, ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ড জিউস মেডিকেল হাসপাতালে জন্মগ্রহণ করে শাকিব খান ও বুবলীর সন্তান। ব্যক্তিগত জীবনে নানা চড়াই-উতরাই থাকলেও বর্তমানে কাজ ও সন্তানকে নিয়েই ব্যস্ত সময় পার করছেন এই চিত্রনায়িকা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *