ন্যায়বিচার নাগরিকের সাংবিধানিক অধিকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ন্যায়বিচার কোনো দয়া নয়, এটি প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার।

সোমবার (২০ এপ্রিল) বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন শেষে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিচারকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতে ফ্যাসিবাদী শাসনামলে বিচার ব্যবস্থা দলীয়করণ করা হয়েছিল এবং রাতের আঁধারে আদালত বসিয়ে আইনের নামে বেআইনি শাসন চালানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আদালত হয়রানির জায়গা নয়, বরং মানুষের আস্থার স্থান। ই-বেইলবন্ড চালুর মাধ্যমে বিচারপ্রার্থীদের জামিন প্রক্রিয়ায় হয়রানি কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, দীর্ঘ দেড় দশকের শাসন শেষে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং জনগণ রাজনৈতিক অধিকার ফিরে পেয়েছে। ভবিষ্যতে যেন কোনো ধরনের ফ্যাসিবাদ ফিরে না আসে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

এ সময় বগুড়া কোর্ট ভবন নির্মাণে ১৫ লাখ টাকা এবং লাইব্রেরির জন্য ৫ লাখ টাকা, মোট ২০ লাখ টাকা বরাদ্দের ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

এর আগে তিনি বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবন ও ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করেন। একইসঙ্গে নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচন করা হয়, যার মাধ্যমে ১৮৭৬ সালে প্রতিষ্ঠিত পৌরসভাটি আনুষ্ঠানিকভাবে সিটি করপোরেশনে উন্নীত হয়।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গাবতলী উপজেলার বাগবাড়িতে পারিবারিক সফর, জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হাম-রুবেলা টিকাদান ক্যাম্প উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ এবং চৌকিরদহ খাল খনন কর্মসূচির উদ্বোধন রয়েছে।

সবশেষে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *