আন্তর্জাতিক ক্রিকেট ও সক্রিয় রাজনীতি—দুই ক্ষেত্র থেকেই বর্তমানে অনেকটাই দূরে রয়েছেন দেশের সাবেক সংসদ সদস্য ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে ভবিষ্যতে রাজনীতিতে ফেরার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেননি তিনি।
দেশের একটি ইংরেজি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব জানান, আপাতত তিনি পরিবারকে সময় দিচ্ছেন এবং নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ভাবছেন। একই সঙ্গে সুযোগ পেলে ক্রিকেট চালিয়ে যেতে চান বলেও উল্লেখ করেন তিনি।
দেশে ফেরা প্রসঙ্গে আশাবাদ ব্যক্ত করে সাকিব বলেন, তার বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়া শুরু হয়েছে এবং দ্রুত সমাধান হলে দেশে ফিরতে পারবেন বলে আশা করছেন। দেশের বাইরে থাকলেও দেশকে ভীষণভাবে মিস করছেন বলেও জানান তিনি।
রাজনীতিতে ফেরা নিয়ে প্রশ্নের জবাবে সাকিব বলেন, বর্তমানে দলের কার্যক্রম না থাকায় তিনি ক্রিকেটে মনোযোগ দিচ্ছেন। তবে দলীয় কার্যক্রম শুরু হলে আবার রাজনীতিতে সক্রিয় হওয়ার চিন্তা রয়েছে তার।
তিনি বলেন, রাজনীতি একটি বড় প্ল্যাটফর্ম, যেখান থেকে মানুষের জন্য কাজ করা সম্ভব। ভবিষ্যতে মানুষের জন্য কিছু করতে পারলে সেটিই তার জন্য বড় প্রাপ্তি হবে।
সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন সাবেক এই অধিনায়ক। তিনি বলেন, কোনো মৃত্যুই কাম্য নয় এবং প্রতিটি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, দেশে দ্রুত স্বাভাবিক ও গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে।
সবশেষে সাকিব বলেন, রাজনীতি করার জন্য সময় আছে, তবে ক্রিকেট খেলার সময় সীমিত। তাই এই মুহূর্তে ক্রিকেটকেই অগ্রাধিকার দিচ্ছেন তিনি।