মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট ও বিশেষ সিলমোহর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ সচিবালয়-এ মন্ত্রিপরিষদ বিভাগের নিজ দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ উদ্বোধন কার্যক্রম সম্পন্ন করেন।
এ সময় প্রধানমন্ত্রী ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম, ৫ টাকা মূল্যমানের একটি ডাটাকার্ড এবং একটি বিশেষ সিলমোহর উন্মোচন করেন।
সরকারি এ উদ্যোগের মাধ্যমে মহান স্বাধীনতা দিবসের গুরুত্ব ও ঐতিহাসিক তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রচেষ্টা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন।
স্বাধীনতা দিবস উপলক্ষে ডাক বিভাগের এ বিশেষ আয়োজন দেশের ঐতিহ্য ও ইতিহাস সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।