মোটরসাইকেলের ওপর কর আরোপের সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি সরকারের প্রতি এ আহ্বান জানান।
স্ট্যাটাসে তিনি বলেন, বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা যাচ্ছে, সরকার মোটরসাইকেল মালিকদের ওপর কর আরোপ করতে যাচ্ছে। মোটরসাইকেলের মালিক ও চালকরা সাধারণত সম্পদশালী নন; বরং জীবন ও জীবিকার প্রয়োজনে তারা এই বাহন ব্যবহার করেন।
তিনি আরও বলেন, ‘করের আওতা বাড়ানো রাষ্ট্রের রাজস্ব আহরণের জন্য প্রয়োজন হতে পারে, তবে জীবনযুদ্ধে ক্লান্ত এসব মানুষের ওপর অতিরিক্ত কর আরোপ অবশ্যই উচিত নয়।’
ডা. শফিকুর রহমান বলেন, সরকার এমন কোনো পরিকল্পনা করে থাকলে তা থেকে সরে আসবে বলে তিনি আশা করেন। অন্যথায় এটি জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে বলেও মন্তব্য করেন তিনি।