আমের মৌসুমে দেশের অন্যতম বিখ্যাত আমের অঞ্চল পুঠিয়া উপজেলা সফর করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। সফরকালে তিনি রাজশাহীর ঐতিহ্যবাহী আমের স্বাদ ও বৈচিত্র্যে মুগ্ধতা প্রকাশ করেছেন।
মঙ্গলবার (১৬ জুন) মার্কিন দূতাবাস, ঢাকা তাদের ফেসবুক পেজে রাষ্ট্রদূতের সফরের কয়েকটি ছবি প্রকাশ করে। ছবিগুলোতে দেখা যায়, তিনি রাজশাহীর বিখ্যাত বানেশ্বর আমের বাজার ঘুরে ঘুরে বিভিন্ন জাতের আম পরিদর্শন করছেন এবং স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছেন।
সফরকালে ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজশাহীর আমের প্রশংসা করে বলেন, এখানকার আমের স্বাদ ও গুণগত মান সত্যিই অসাধারণ। স্থানীয়দের সঙ্গে আম নিয়ে আলাপচারিতার মধ্য দিয়ে তিনি এ অঞ্চলের কৃষি ঐতিহ্য সম্পর্কেও ধারণা নেন।
রাজশাহী দীর্ঘদিন ধরে দেশের অন্যতম প্রধান আম উৎপাদনকারী অঞ্চল হিসেবে পরিচিত। প্রতি বছর দেশি-বিদেশি দর্শনার্থী, ব্যবসায়ী ও ফলপ্রেমীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে এ অঞ্চলের আমের বাজারগুলো।
মার্কিন রাষ্ট্রদূতের এই সফর স্থানীয় কৃষক ও ব্যবসায়ীদের মধ্যেও উৎসাহ সৃষ্টি করেছে। তারা আশা করছেন, আন্তর্জাতিক পর্যায়ে রাজশাহীর আমের পরিচিতি আরও বৃদ্ধি পাবে।