পবিত্র ঈদ-উল-আযহা সামনে রেখে রাজধানীসহ সারাদেশের পশুর হাটকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব সূত্র জানায়, ঈদকে ঘিরে সম্ভাব্য অপরাধ, ছিনতাই, জাল টাকা লেনদেন ও অনিয়ম প্রতিরোধে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় চেকপোস্ট, টহল ও নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে।
শনিবার (২৪ মে ২০২৬) গাবতলী পশুর হাট পরিদর্শন করেন র্যাব ফোর্সেসের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মোঃ আহসান হাবীব পলাশ, বিপিএম-সেবা। তিনি হাটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
র্যাব আরও জানায়, গবাদিপশু পরিবহন নিরাপদ রাখতে রোবাস্ট পেট্রোলিং পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকায় চেকপোস্ট স্থাপন ও নিয়মিত টহল কার্যক্রম চলমান রয়েছে।
হাটকেন্দ্রিক অর্থ লেনদেনে নিরাপত্তা নিশ্চিত করতে কন্ট্রোল রুম ও ওয়াচ টাওয়ারের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে। ক্রেতা-বিক্রেতাদের ক্যাশলেস লেনদেন বা ব্যাংক কার্ড ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে। জাল টাকা শনাক্তে বিশেষ সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে এবং জাল টাকা চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।
এছাড়া পশুবাহী যানবাহন জোরপূর্বক নির্দিষ্ট হাটে নেওয়ার মতো অনিয়ম রোধে নজরদারি বাড়ানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ঈদকে কেন্দ্র করে গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়ালে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় র্যাব।
র্যাব ফোর্সেস আশা করছে, পূর্বের বছরের মতো এবারও শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উদযাপন সম্ভব হবে এবং এ জন্য সর্বস্তরের সহযোগিতা কামনা করা হয়েছে।