পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, পশ্চিমবঙ্গের নির্বাচনে পরাজিত কোনো প্রার্থী শহিদ শরিফ ওসমান হাদি হত্যা নিয়ে কী মন্তব্য করেছেন, তা বাংলাদেশের আমলে নেওয়ার মতো বিষয় নয়। তবে হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ।
বুধবার (৩ জুন) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সম্প্রতি পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, বাংলাদেশে আলোচিত একটি হত্যা মামলার আসামিদের পশ্চিমবঙ্গে গ্রেপ্তারের ঘটনায় তাকে এ বিষয়ে চুপ থাকতে বলেছিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার কলকাতার ধর্মতলার ওয়াই-চ্যানেল এলাকায় এক প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় তিনি এ দাবি করেন।
পশ্চিমবঙ্গের বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত একটি ভিডিওতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই বক্তব্য প্রকাশিত হয়। পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বাংলাদেশেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে শামা ওবায়েদ বলেন, হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার বিষয়ে সরকার বদ্ধপরিকর। বিচার প্রক্রিয়া নিজস্ব গতিতে এগিয়ে যাচ্ছে।
এদিকে, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের নির্বাচিত হওয়াকে বাংলাদেশের কূটনীতি ও গণতন্ত্রের জন্য বড় অর্জন হিসেবে উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রীর যোগ্যতা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেশ-বিদেশে কর্মরত কর্মকর্তাদের প্রচেষ্টা এবং বিএনপির পররাষ্ট্রনীতির ধারাবাহিক সাফল্যের ফলেই এ অর্জন সম্ভব হয়েছে।