বাংলাদেশ ক্রিকেটের নতুন অধ্যায়ের সূচনা হলো সাবেক জাতীয় অধিনায়ক তামিম ইকবাল-এর নেতৃত্বে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দেশের অন্যতম সফল এই ওপেনার।
রোববার (৭ জুন) শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ অনুষ্ঠিত বোর্ড পরিচালকদের নির্বাচনে প্রথমে ঢাকা ক্লাবগুলোর ক্যাটাগরি-২ থেকে পরিচালক নির্বাচিত হন তামিম ইকবাল। পরে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর সভাপতি নির্বাচিত হন।
এর মাধ্যমে বিসিবির ইতিহাসে ১৮তম সভাপতি এবং ষষ্ঠ নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তামিম। গত দুই মাস ধরে তিনি বিসিবির অ্যাডহক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নতুন বোর্ডে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফাহিম সিনহা।
নির্বাচনে ঢাকা ক্লাবভিত্তিক ক্যাটাগরি-২ থেকে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ১২ জন পরিচালক নির্বাচিত হন। সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন তামিম ইকবাল। তার পরেই ৭২ ভোট করে পান সৈয়দ ইব্রাহিম আহমেদ ও ইসরাফিল খসরু। এছাড়া মাসুদুজ্জামান ৭০ এবং ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক ৬৮ ভোট লাভ করেন।
ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত অন্য পরিচালকদের মধ্যে রয়েছেন ফাহিম সিনহা, আসিফ রব্বানী, মির্জা ইয়াসির আব্বাস, রফিকুল ইসলাম, সরকার মাহবুব আহমেদ শামীম, শাহনিয়ান তানিম এবং শফিক আহমেদ।
নবগঠিত ২৩ সদস্যের বিসিবি বোর্ডে বিভাগীয় ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে ১০ জন প্রতিনিধি, ক্লাব ক্যাটাগরি থেকে ১২ জন প্রতিনিধি এবং ক্যাটাগরি-৩ থেকে একজন প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কর্তৃক আরও দুইজন পরিচালক মনোনীত হয়েছেন।
বাংলাদেশ জাতীয় দলের হয়ে দীর্ঘদিন নেতৃত্ব দেওয়া তামিম ইকবালের বিসিবি সভাপতির দায়িত্ব গ্রহণকে দেশের ক্রিকেট প্রশাসনে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখছেন ক্রিকেট বিশ্লেষকরা। মাঠের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি দেশের ক্রিকেটের উন্নয়নে নতুন পরিকল্পনা বাস্তবায়ন করবেন বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।