দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে সীমান্তবর্তী ১১টি জেলায় আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে সমন্বয় করে তারা সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করবেন।
সোমবার (৮ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী-এর উপ-পরিচালক (গণসংযোগ) মো. আশিকউজ্জামান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং আনসার-ভিডিপির মধ্যে ২০২৫ সালে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় সীমান্ত এলাকায় আনসার ও ভিডিপি সদস্যদের সম্পৃক্ত করা হয়েছে। এর ফলে সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা কার্যক্রম আরও সমন্বিত ও কার্যকর হয়েছে।
রাষ্ট্রীয় প্রয়োজন ও নিরাপত্তাগত চাহিদার পরিপ্রেক্ষিতে আনসার ও ভিডিপি সদস্যরা বিজিবির সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন বলেও জানানো হয়।
বর্তমানে সীমান্তবর্তী ১১টি জেলা— চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, ঠাকুরগাঁও, দিনাজপুর, সিলেট, জামালপুর এবং খাগড়াছড়ি জেলায় উপজেলা, থানা আনসার এবং ভিডিপি-টিডিপি সদস্যদের মোতায়েন করা হয়েছে।
এছাড়া যেকোনো উদ্ভূত পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার জন্য আনসার ব্যাটালিয়নের সদস্যদেরও প্রস্তুত ও সতর্ক অবস্থায় রাখা হয়েছে। প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত জনবল সরবরাহের ব্যবস্থাও রাখা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
আনসার-ভিডিপি কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্ত এলাকায় তাদের এই সম্পৃক্ততা জাতীয় নিরাপত্তা কাঠামোকে আরও শক্তিশালী করার পাশাপাশি বিজিবির কার্যক্রমে সহায়ক ভূমিকা পালন করবে। একই সঙ্গে সীমান্তে নজরদারি বৃদ্ধি, চোরাচালান ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধ এবং স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে সহায়তা করবে।