বিনোদন ডেস্ক:
উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা -র সঙ্গে নতুন গানে কণ্ঠ মিলিয়েছেন জনপ্রিয় গায়ক ও সংগীতশিল্পী বাপ্পা মজুমদার । ‘অনায়াসে’ শিরোনামের নতুন একটি গজলধর্মী গান নিয়ে হাজির হয়েছেন এই দুই তারকা শিল্পী।
শনিবার রাতে বাপ্পা মজুমদারের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে গানটি প্রকাশের পর থেকেই শ্রোতাদের প্রশংসায় ভাসছে।
গানটির কথা লিখেছেন গালিব হাসান । এর সুর, সংগীতায়োজন এবং মিউজিক ভিডিও পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার নিজেই। গানটি ‘অনুভব’ অ্যালবামের অংশ হিসেবে অগ্নিলীলা রেকর্ডস -এর ব্যানারে নির্মিত হয়েছে।
এতে তবলার আয়োজন করেছেন পল্লব জন্য l, বেজ গিটারে ছিলেন জন স মুন্সী এবং রেকর্ডিং, মিক্সিং ও মাস্টারিং করেছেন সায়েদ আমজাদ হোসাইন ।
ইউটিউবে প্রকাশের মাত্র ১৪ ঘণ্টার মধ্যেই ‘অনায়াসে’ গানটি ১৪ হাজারের বেশি ভিউ এবং এক হাজারের বেশি লাইক অর্জন করেছে। কমেন্ট বক্সে গানটির প্রশংসা করছেন শ্রোতারা। অনেকেই এটিকে ‘মাস্টারপিস’ বলেও উল্লেখ করেছেন।
একজন শ্রোতা মন্তব্য করেছেন, “অনেকদিন পর রুচিসম্মত একটি গান শুনলাম। এই প্রজন্মের অনেক কিছু শেখার আছে।” আরেকজন লিখেছেন, “আলাউদ্দিন আলী সাহেবের পরে রুনা ম্যামের গায়কীতে এমন সাহসী কাজ বাপ্পা দাদাই করলেন। অসাধারণ এক যুগলবন্দী।”
দুই প্রজন্মের দুই গুণী শিল্পীর এই সংগীতায়োজনকে বাংলা গানের শ্রোতাদের জন্য বিশেষ উপহার হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। আধুনিক বাংলা গজলধর্মী এই গান ভালোবাসা, আকুলতা ও আবেগের এক ভিন্ন আবহ তৈরি করেছে বলেও মত সংগীতপ্রেমীদের।