ফরিদপুরের নগরকান্দায় বিআরটিসি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
রোববার সকালে উপজেলার শংকরপাশা এলাকায় ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ জানায়, ফরিদপুরগামী একটি বিআরটিসি বাসের সঙ্গে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন। দুর্ঘটনার খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।
আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল উদ্দিন বলেন, বিআরটিসি বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।