ইসলামী ব্যাংকের সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আন্দোলনরত গ্রাহকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রাজধানীর মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ, জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করেছে।
সোমবার (১ জুন) সকালে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ব্যানারে কয়েকশ গ্রাহক ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। তারা নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিল ও পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
প্রত্যক্ষদর্শীদের মতে, সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ বিক্ষোভকারীদের সড়ক ছেড়ে সরে যাওয়ার অনুরোধ জানায়। তবে আন্দোলনকারীরা অবস্থান অব্যাহত রাখলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে এবং বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, তাদের কর্মসূচি ছিল শান্তিপূর্ণ। তারা দাবি করেন, নতুন চেয়ারম্যানের নিয়োগ ব্যাংকের স্বচ্ছতা ও সুশাসন নিয়ে উদ্বেগ তৈরি করেছে। তাদের মতে, এ নিয়োগের ফলে ব্যাংকটি আবারও আস্থার সংকটে পড়তে পারে।
অন্যদিকে, ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন জানান, কয়েকশ আন্দোলনকারী গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় অবস্থান নিয়ে অর্থনৈতিক কর্মকাণ্ড ও যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করছিলেন। বারবার অনুরোধ ও সতর্ক করার পরও তারা সরে না গেলে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে।
তিনি আরও দাবি করেন, বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনায় একজন সহকারী কমিশনার (এসি) পেট্রোলসহ অন্তত ১০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।
উল্লেখ্য, গত ২৪ মে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান। পরে সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই নিয়োগের পর থেকেই ব্যাংকের একাংশ গ্রাহক ও আমানতকারীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।
বর্তমানে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।