আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের সঙ্গে চলমান আলোচনায় কোনো অগ্রগতি না হওয়ায় আগামী সপ্তাহের মধ্যেই ইরানে আবারও হামলা চালাতে পারে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে দুই দেশ সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।
মধ্যপ্রাচ্যের দুই কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়, নতুন করে যুদ্ধ শুরু হলে ইরানে আগের তুলনায় আরও তীব্র বোমাবর্ষণ চালানো হতে পারে। এতে দেশটির সামরিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্যবস্তু করা হবে।
এছাড়া পারস্য উপসাগরে অবস্থিত ইরানের তেল রপ্তানির গুরুত্বপূর্ণ খার্গ দ্বীপ দখলের পরিকল্পনাও বিবেচনায় রয়েছে বলে জানানো হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, ইরানের মূল ভূখণ্ডে বিশেষ কমান্ডো বাহিনী পাঠিয়ে সমৃদ্ধ ইউরেনিয়াম সংগ্রহের পরিকল্পনাও রয়েছে। তবে এ ধরনের অভিযান অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে এবং এতে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা রয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল–১২–কে দেওয়া এক বক্তব্যে এক ইসরায়েলি কর্মকর্তা বলেন, যুদ্ধ অত্যাসন্ন ধরে নিয়েই তারা প্রস্তুতি নিচ্ছে। এখন তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে।
অজ্ঞাত ওই কর্মকর্তা আরও বলেন, “আমরা কয়েকদিন থেকে কয়েক সপ্তাহের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি এবং আগামী ২৪ ঘণ্টায় পরিস্থিতি আরও পরিষ্কার হবে।”
এর আগে ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান যদি দীর্ঘ সময়ের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখার প্রতিশ্রুতি দেয়, তাহলে তিনি বিষয়টি বিবেচনা করতে পারেন।