বিসিবি নির্বাচনে আর কোনো বাধা নেই, রিট খারিজ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন নিয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে আগামী ৭ জুন অনুষ্ঠিতব্য বিসিবি নির্বাচনে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

বুধবার (৩ জুন) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো. আসিফ হাসান-এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপি, অ্যাডভোকেট আজিম উদ্দিন পাটোয়ারী এবং অ্যাডভোকেট শফিকুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন রুহুল কুদ্দুস কাজল এবং বিসিবির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহিন এম রহমান।

এর আগে গত ২ জুন বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন ছয়জন কাউন্সিলর।

উল্লেখ্য, গত ১৬ মে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালনা পরিষদ নির্বাচন-২০২৬ এর তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী আগামী ৭ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে এবং একই দিন ফলাফল ঘোষণা করা হবে।

নির্বাচনে সরাসরি ভোটের মাধ্যমে ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত আরও দুইজন পরিচালক বোর্ডে অন্তর্ভুক্ত হবেন। পরে ২৫ জন পরিচালকের ভোটে বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হবে।

বিসিবির নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আহসানুল করিম-এর নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। কমিশনের অন্য সদস্যরা হলেন ইসরাইল হাওলাদার এবং এ বি এম এহসানুল মামুন

রিট খারিজের ফলে নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিসিবি নির্বাচন আয়োজনের পথ পুরোপুরি উন্মুক্ত হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *