রাজধানীর দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে নতুন নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মহাখালী, সায়েদাবাদ ও গুলিস্তান এলাকায় দ্রুত অস্থায়ী বাস ডিপো নির্মাণের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে সড়কে বাসের অনিয়ন্ত্রিত অবস্থান কমিয়ে যান চলাচল স্বাভাবিক রাখা যায়।
সোমবার সচিবালয়ে ‘যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকীকরণ’ বিষয়ক এক উচ্চপর্যায়ের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।
সভা শেষে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকেরা জানান, রাস্তা ও ফুটপাত থেকে হকারদের উচ্ছেদ না করে পুনর্বাসনের মাধ্যমে ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।
এদিকে, বাস র্যাপিড ট্রানজিট বা বিআরটি প্রকল্প নিয়ে গঠিত বিশেষজ্ঞ কমিটি আগামী সাত দিনের মধ্যে তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক ড. মো. হাদিউজ্জামান।
ঢাকার ট্রাফিক ব্যবস্থাকে আধুনিক করতে আগামী সপ্তাহে শাহবাগ মোড়ে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ডিজিটাল সিগন্যাল ব্যবস্থা। বৈঠকে এ প্রযুক্তির কার্যকারিতা ও বাস্তবায়ন কৌশল নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়ন করা গেলে রাজধানীর যানজট পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন আসতে পারে।