বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপ এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান-এর কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
শুক্রবার (১২ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় তিনি এ তথ্য জানান।
সামাজিক যোগাযোগমাধ্যমে জাইমা রহমান লিখেছেন, “আলহামদুলিল্লাহ, আমি আপনাদের কাছে ছোট একটি ব্যক্তিগত সাফল্যের কথা শেয়ার করতে চাই। আমার দেশে আইন পেশায় যুক্ত হওয়ার লক্ষ্যে আজ বাংলাদেশ বার কাউন্সিলের প্রথম ধাপ এমসিকিউ পরীক্ষায় অংশ নিয়েছিলাম। আল্লাহর রহমতে আমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি।”
জানা গেছে, তিনি রাজধানীর বিএএফ শাহীন কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন।
শুক্রবার রাতেই বাংলাদেশ বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার ফলাফল প্রকাশ করে। প্রকাশিত ফল অনুযায়ী, প্রথম ধাপে মোট ৯ হাজার ২০১ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ার প্রক্রিয়ায় এমসিকিউ পরীক্ষা প্রথম ধাপ। এ ধাপে উত্তীর্ণ প্রার্থীরা পরবর্তী লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
আইন পেশায় যুক্ত হওয়ার লক্ষ্যে জাইমা রহমানের এই সাফল্যকে তার সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা ইতিবাচক অর্জন হিসেবে দেখছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে অভিনন্দন জানিয়ে নানা প্রতিক্রিয়া প্রকাশ করেছেন অনেকেই।