২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে নিত্যপ্রয়োজনীয় ৬০টি পণ্যের ওপর উৎসে কর কমানোর প্রস্তাব দিয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় তিনি এ ঘোষণা দেন।
অর্থমন্ত্রী বলেন, সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমানো এবং দ্রব্যমূল্যের চাপ থেকে স্বস্তি দিতে সরকার এই জনমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। প্রস্তাব অনুযায়ী, বিভিন্ন পণ্যের ওপর বিদ্যমান ৫ শতাংশ, ২ শতাংশ ও ১ শতাংশ উৎসে কর কমিয়ে ০.৫ শতাংশ নির্ধারণ করা হবে।
যেসব পণ্যে কর ছাড়ের প্রস্তাব
কর কমানোর আওতায় থাকছে কৃষি ও নিত্যভোগ্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পণ্য। এর মধ্যে রয়েছে—
- ধান
- চাল
- গম
- আলু
- গবাদিপশু
- হাঁস-মুরগি
- মাছ
- পেঁয়াজ
- রসুন
- আদা
- লবণ
- চিনি
- ভোজ্য তেল
- বিভিন্ন কৃষি বীজসহ মোট ৬০টি পণ্য
অর্থমন্ত্রী জানান, এসব পণ্যের সরবরাহ ও বাজারজাতকরণ ব্যয় কমাতে কর হ্রাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাজেট বক্তব্যে তিনি বলেন, গত কয়েক বছরে দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রায় যে চাপ সৃষ্টি হয়েছে, তা লাঘব করাই সরকারের অন্যতম লক্ষ্য। নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে এই কর ছাড়ের উদ্যোগ নেওয়া হয়েছে।
অর্থনীতিবিদদের মতে, কর হ্রাসের সুফল ভোক্তাদের কাছে পৌঁছাতে হলে বাজার ব্যবস্থাপনা, সরবরাহ শৃঙ্খল এবং তদারকি কার্যক্রমও কার্যকর রাখতে হবে। অন্যথায় কর কমানোর সুবিধা পুরোপুরি ভোক্তা পর্যায়ে প্রতিফলিত নাও হতে পারে।