হৃদয় আহমেদ: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন কে সংবর্ধনা ও শুভেচ্ছা জানিয়েছে জামালপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি।
অধ্যাপক ড. মোশারফ হোসেনের বাড়ি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায়। নিজ জেলার কৃতি সন্তান বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসনিক দায়িত্বে অধিষ্ঠিত হওয়ায় সংগঠনের সদস্যদের মাঝে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করে।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আয়োজিত এক সৌজন্য সাক্ষাৎ ও বরণ অনুষ্ঠানে সমিতির নেতৃবৃন্দ উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় তারা বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে উপাচার্যের সফল নেতৃত্ব কামনা করেন।
সংগঠনের পক্ষ থেকে জামালপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি হৃদয় আহমেদ বলেন , জামালপুর জেলার জন্য এটি অত্যন্ত গৌরবের বিষয় যে জেলার একজন কৃতি সন্তান দেশের একটি স্বনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেছেন। তাঁর অভিজ্ঞতা, প্রজ্ঞা ও নেতৃত্বে বিশ্ববিদ্যালয় আরও এগিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
উপাচার্য সংবর্ধনার জন্য জামালপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে জামালপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি হৃদয় আহমেদ, সাবেক সভাপতি ত্বকিপ হাসান, সহঃ সভাপতি জান্নাতুল ফেরদৌস লামইয়াসহ আরও অন্যান্য নেতৃবৃন্দ এবং সদস্যরা উপস্থিত ছিলেন।