মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে ২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র-গণঅভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা বাস্তবায়নের মাধ্যমে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (৩০ মে) রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের শাহাদতবার্ষিকী উপলক্ষে তার মাজার জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ আহ্বান জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দিনটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দেশের মানুষের জন্য অত্যন্ত শোকাবহ ও স্মৃতিবিজড়িত। তিনি উল্লেখ করেন, জিয়াউর রহমান আমৃত্যু বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অগ্রগতির অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা দেওয়ার মধ্য দিয়ে তার যে ঐতিহাসিক উত্থান ঘটেছিল, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়েই তিনি শাহাদত বরণ করেন।
তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের মূল ঠিকানা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী খালেদা জিয়ার প্রদর্শিত পথ। গভীর এই শোককে শক্তিতে পরিণত করেই বিএনপি সামনের দিকে এগিয়ে যাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, জিয়াউর রহমান দেশের মানুষকে ইস্পাতকঠিন জাতীয় ঐক্য গড়ে তুলে সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার শিক্ষা দিয়ে গেছেন। তার প্রতিষ্ঠিত বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে বহুদলীয় গণতন্ত্রের আদর্শে রাজনীতি করে আসছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন দেশ গণতান্ত্রিক ধারায় পরিচালিত হবে। ৫ আগস্টের ছাত্র-গণঅভ্যুত্থানের চেতনার আলোকে দেশের গণতন্ত্রের ভিত্তিকে আরও সুদৃঢ় ও শক্তিশালী করা হবে।
তিনি জানান, জিয়ার মাজারে এসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে। একই সঙ্গে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার নতুন প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।