নিজস্ব প্রতিবেদক : প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম ব্যবহার করে ভুয়া আইনি নোটিশ দিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন ও প্রতারণার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (১৯ মে) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ সতর্কীকরণ করা হয়।
আইএসপিআর জানায়, প্রতারক চক্রটি দেশের বিভিন্ন জেলার একাধিক ব্যক্তিকে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত দাবি করে মিথ্যা ও ভূয়া আইনি নোটিশ পাঠাচ্ছে।
এসব নোটিশে জেল-জরিমানা ও শাস্তির ভয় দেখিয়ে হয়রানি করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ে “আইন নিয়ন্ত্রণ বিভাগ” ও “ক্রাইম ইউনিট সেল” নামে কোনো বিভাগ, শাখা বা সেল নেই। এছাড়া মন্ত্রণালয় এ ধরনের কোনো কার্যক্রম পরিচালনা করে না। এ ঘটনায় ইতোমধ্যে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানানো হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় সকলকে এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডে বিভ্রান্ত না হওয়ার এবং কোনো ধরনের আর্থিক লেনদেন থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে।