গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় অবস্থিত ড্রেস ম্যান গার্মেন্টস লিমিটেড কারখানায় ফের অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। শনিবার সকাল ৯টার দিকে কারখানার সাততলায় কাজ শুরুর কিছুক্ষণ পর একে একে শ্রমিকরা বমি, মাথা ঘোরা ও পেটব্যথাসহ বিভিন্ন উপসর্গে আক্রান্ত হন। অসুস্থদের দ্রুত কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টা থেকে পর্যায়ক্রমে প্রায় ৫০ জন শ্রমিককে চিকিৎসার জন্য হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে ১৯ জন বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন। কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। অসুস্থদের অধিকাংশই নারী শ্রমিক।
কারখানার প্রশাসনিক কর্মকর্তা মো. মাহমুদুল হাসান জানান, সকালে শ্রমিকরা নিয়মিত কাজ শুরু করার কিছুক্ষণ পরই কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। পরে আরও শ্রমিক একই ধরনের উপসর্গ অনুভব করলে তাদের হাসপাতালে পাঠানো হয়। তিনি দাবি করেন, গত দুই দিন ধরে কারখানার পানি ফিল্টার করা হয়েছে এবং অনেক শ্রমিক পানি পান করার আগেই অসুস্থ হয়ে পড়েছেন।
অন্যদিকে, কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দূষিত পানি থেকে শ্রমিকরা অসুস্থ হয়ে থাকতে পারেন। তবে সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত চলছে।
উল্লেখ্য, গত ১৮ জুন একই কারখানায় পানি পান করার পর দুই শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছিলেন। সেই ঘটনার পর প্রশাসন কারখানার পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠিয়েছে। পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পর অসুস্থতার প্রকৃত কারণ জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।