আরবি নববর্ষ ১৪৪৮ হিজরির সূচনালগ্নে পবিত্র কাবা শরীফ-এ নতুন গিলাফ (কিসওয়া) স্থাপন করা হয়েছে। সোমবার (১৫ জুন) স্থানীয় সময় এশার নামাজের পর মসজিদুল হারাম-এ আনুষ্ঠানিকভাবে নতুন গিলাফ উন্মোচন করা হয় এবং মঙ্গলবার (১৬ জুন) ভোরে তা সম্পূর্ণভাবে কাবা শরীফে স্থাপন করা হয়।
ঐতিহ্যগতভাবে হজ মৌসুমে কাবা শরীফের গিলাফ পরিবর্তন করা হলেও সাম্প্রতিক বছরগুলোতে আরবি নববর্ষের প্রথম দিনেই নতুন কিসওয়া পরানোর রীতি অনুসরণ করা হচ্ছে। এবারও সেই ধারাবাহিকতায় পুরোনো গিলাফ অপসারণ করে নতুন গিলাফ স্থাপন করা হয়েছে।
কাবার গিলাফ, যা ‘কিসওয়া’ নামে পরিচিত, কিং আব্দুল আজিজ কমপ্লেক্স ফর দ্য হোলি কাবা কিসওয়া-এ বিশেষ প্রযুক্তি ও কারুশিল্পের সমন্বয়ে তৈরি করা হয়। শতাধিক দক্ষ কারিগরের প্রায় ১১ মাসের শ্রমে এটি প্রস্তুত করা হয়েছে।
নতুন কিসওয়া তৈরিতে ৪৭ খণ্ড উচ্চমানের রেশমি কাপড় ব্যবহার করা হয়েছে। এর ওপর স্বর্ণ ও রৌপ্যের সুতায় পবিত্র কোরআনের ৬৮টি আয়াত সুদৃশ্য ক্যালিগ্রাফির মাধ্যমে অঙ্কিত করা হয়েছে। এসব অলংকরণে প্রায় ১২০ কেজি স্বর্ণ এবং ১০০ কেজি রৌপ্য ব্যবহৃত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সম্পূর্ণ গিলাফটির ওজন প্রায় ১ হাজার ৪১৫ কিলোগ্রাম।
গিলাফ পরিবর্তনের অনুষ্ঠানে সৌদি রাজপরিবারের প্রতিনিধি, মসজিদুল হারামের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ধর্মীয় ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
সৌদি আরবের প্রচলিত রীতি অনুযায়ী, নতুন গিলাফ কাবা শরীফের তত্ত্বাবধায়ক কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। অন্যদিকে পুরোনো গিলাফ ছোট ছোট অংশে বিভক্ত করে বিশ্বের বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তি ও বিশেষ অতিথিদের স্মারক হিসেবে উপহার দেওয়া হয়।
প্রতি বছর নতুন কিসওয়া স্থাপনের এই ঐতিহাসিক ও ধর্মীয় অনুষ্ঠান বিশ্বের কোটি কোটি মুসলমানের কাছে বিশেষ গুরুত্ব বহন করে। নতুন গিলাফে সজ্জিত কাবা শরীফের দৃশ্য দেখতে দেশ-বিদেশ থেকে আগত মুসল্লিদের মধ্যে থাকে ব্যাপক আগ্রহ ও আবেগ।