কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার-এর মরদেহ রোববার (১৭ মে) ভারতের চেন্নাই থেকে ঢাকায় আনা হবে বলে জানিয়েছেন তার বাবা, জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ।
তিনি জানান, মরদেহ দেশে আনার প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ না হওয়ায় শনিবারের নির্ধারিত ফ্লাইট ধরা সম্ভব হয়নি। তাই রোববারের ফ্লাইটে মরদেহ ঢাকায় পৌঁছাবে।
সংবাদমাধ্যমকে কায়সার হামিদ বলেন, প্রিজার্ভেশন সংক্রান্ত কিছু প্রক্রিয়া বাকি থাকায় শনিবার বিকেলের ফ্লাইটে আনা সম্ভব হয়নি।
গত শুক্রবার দিবাগত রাতে ভারতের Christian Medical College Hospital-এ চিকিৎসাধীন অবস্থায় মারা যান কারিনা কায়সার। কয়েকদিন ধরে তিনি লিভারের জটিলতায় ভুগছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রথমে সাধারণ জ্বর হলেও পরে তার শরীরে সংক্রমণ ধরা পড়ে। একই সঙ্গে হেপাটাইটিস এ ও ই-জনিত জটিলতায় লিভার ফেইলিউর দেখা দেয়। উন্নত চিকিৎসার জন্য গত সোমবার তাকে এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাই নেওয়া হয়েছিল।
চিকিৎসকেরা ফুসফুসের সংক্রমণের চিকিৎসা এবং লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রস্তুতি নিলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। কায়সার হামিদের ভাষ্য অনুযায়ী, ফুসফুসে অ্যান্টিবায়োটিক দেওয়ার সময় হঠাৎ তার রক্তচাপ অনেক নিচে নেমে যায়।
সামাজিক মাধ্যমে প্রাণবন্ত কনটেন্ট নির্মাণের মাধ্যমে তরুণদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিলেন কারিনা কায়সার। অভিনয় ও চিত্রনাট্য রচনাতেও কাজ করেছেন তিনি। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ইন্টার্নশিপ এবং ৩৬-২৪-৩৬।