নিজস্ব প্রতিবেদক: দেশের মৎস্য সম্পদ রক্ষা এবং নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে নৌ পুলিশের চলমান বিশেষ অভিযানে গত সাত দিনে বিপুল পরিমাণ অবৈধ জাল, মাছ, মাছের পোনা ও জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধে ৩০২ জনকে আটক করা হয়েছে।
নৌ পুলিশ জানায়, দেশব্যাপী পরিচালিত এসব অভিযানে মোট ২ কোটি ৩১ লাখ ৭৩ হাজার ৬৭৫ মিটার নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল, ২ হাজার ৮৯৬ কেজি মাছ, ১ লাখ ৯৯ হাজার ৫০০টি বাগদা চিংড়ির রেণু এবং ৪৯০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়। এছাড়া নদী থেকে ১৭৯টি ঝোপঝাড় অপসারণ ও ধ্বংস করা হয়েছে।
অভিযানের সময় বৈধ কাগজপত্র না থাকায় ১০৪টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয়। পাশাপাশি দুটি ড্রেজার জব্দ করা হয়েছে।
সাত দিনের অভিযানে মৎস্য আইনসহ বিভিন্ন অপরাধে মোট ৯৬টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৬৩টি মৎস্য আইন, ১৩টি বেপরোয়া গতি, ১টি বালুমহাল, ১টি মাদক, ১১টি অপমৃত্যু, ১টি ডাকাতি, ১টি অপহরণ, ১টি চাঁদাবাজি, ১টি বিশেষ ক্ষমতা আইন এবং ৩টি হত্যা মামলা।
এছাড়া অভিযানে ১৭টি মৃতদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
জব্দ করা অবৈধ জাল ও জেলিযুক্ত চিংড়ি ধ্বংস করা হয়েছে। উদ্ধার করা মাছের রেণু পানিতে অবমুক্ত করা হয় এবং অবশিষ্ট মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে বলে জানিয়েছে নৌ পুলিশ।