ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই খোলামেলা কথা বলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। অভিনয়ের পাশাপাশি তাঁর সম্পর্ক, বিয়ে এবং জীবনদর্শন নিয়েও প্রায়ই আলোচনা হয়। এবার বিয়ে না হওয়ার কারণ প্রসঙ্গে নিজের ভাবনার কথা জানিয়েছেন তিনি।
রোববার (৩১ মে) এক সাক্ষাৎকারে বিয়ে ও প্রেমের অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে বাঁধন বলেন, পরিবারের পক্ষ থেকে একসময় তাঁর জন্য পাত্র খোঁজা হয়েছিল। বিষয়টি নিয়ে হাস্যরসের সুরে তিনি বলেন, ‘আমি মজা করেই বলতে চাই, তিনি ভেগে গেছেন। আসলে কেন এগোলেন না, সেটা আমি বলতে পারব না। তবে কেন জানি মনে হয়, ছেলেরা আমাকে একটু ভয় পায়।’
বাঁধনের ভাষ্য, সম্ভাব্য পাত্র ও তাঁর পরিবারের সঙ্গে সম্পর্কটি ইতিবাচকভাবেই এগোচ্ছিল। পরিবারের সদস্যরাও তাঁকে পছন্দ করেছিলেন। তবে শেষ পর্যন্ত বিয়ের সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।
এ বিষয়ে কোনো ক্ষোভ বা হতাশা নেই উল্লেখ করে অভিনেত্রী বলেন, ‘তিনি ভীষণ ভদ্র একজন মানুষ। তাঁর পরিবারও দারুণ। পারিবারিকভাবে সবকিছু ভালোভাবেই এগোচ্ছিল, কিন্তু পরে আর এগোয়নি। এ নিয়ে আমার কোনো অভিযোগ নেই।’
বিয়ের আলোচনা থেমে যাওয়ার পর ২০২৫ সালের শুরুতে বিনোদন জগতের বাইরের একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন বাঁধন। তবে সেই সম্পর্কও দীর্ঘস্থায়ী হয়নি। পরে তিনি উপলব্ধি করেন, সেটি তাঁর জীবনের ভুল সিদ্ধান্তগুলোর একটি ছিল এবং সম্পর্কটি শেষ হয়ে যাওয়াই ভালো হয়েছে।
দুইবার বিয়ের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এখন জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আরও সতর্কতার সঙ্গে নিতে চান বলে জানান এই অভিনেত্রী।
অভিনয়জীবনে ‘রেহানা মরিয়ম নূর’ চলচ্চিত্রের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসা কুড়ান বাঁধন। ছবিটি বাংলাদেশের হয়ে কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। সর্বশেষ ঈদে মুক্তিপ্রাপ্ত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমা নিয়েও আলোচনায় ছিলেন তিনি।
ব্যক্তিগত জীবনের নানা অভিজ্ঞতা ও সম্পর্কের উত্থান-পতন নিয়ে খোলামেলা থাকলেও ভবিষ্যৎ নিয়ে আশাবাদী থাকার কথাই জানিয়েছেন আজমেরী হক বাঁধন।