মুন্সীগঞ্জের গজারিয়া অংশে Dhaka–Chittagong Highway-এ প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহন চালকরা।
রোববার ভোররাত প্রায় ৪টা থেকে শুরু হওয়া এ যানজট বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও তীব্র আকার ধারণ করে। কুমিল্লামুখী লেনে গজারিয়া অংশজুড়ে দীর্ঘ যানবাহনের সারি দেখা যায়।
সড়কের বিভিন্ন পয়েন্টে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকে পণ্যবাহী ট্রাক, দূরপাল্লার বাস ও ব্যক্তিগত গাড়ি। যানজটে আটকে পড়া ট্রাকচালক শামীম মিয়া জানান, তিনি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিলেও জামালদি বাসস্ট্যান্ড এলাকায় দীর্ঘ সময় ধরে আটকে আছেন।
একই ধরনের ভোগান্তির কথা জানান বাসচালক শহিদ। তিনি বলেন, বালুয়াকান্দি এলাকা থেকে যানজটে পড়ে যাত্রীদের নিয়ে দুর্ভোগে আছেন। অনেক যাত্রীও নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পেরে ক্ষোভ প্রকাশ করেন।
স্থানীয়রা জানান, এ মহাসড়কে প্রায়ই যানজটের সৃষ্টি হয়, বিশেষ করে সড়ক দুর্ঘটনা ঘটলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।
এ বিষয়ে গজারিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ জানান, কুমিল্লার দাউদকান্দি এলাকায় একটি সড়ক দুর্ঘটনার কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে হাইওয়ে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।