রাজধানীর আদ্-দ্বীন হাসপাতাল-এ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিল করেছে সরকার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে সরকারের পক্ষ থেকে হাসপাতালটির লাইসেন্স বাতিলের আনুষ্ঠানিক আদেশ জারি করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তর-এর মহাপরিচালকের পক্ষে পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবুল হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে।
এর আগে হাসপাতালটিতে একাধিক নবজাতকের মৃত্যুর ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। ঘটনার কারণ অনুসন্ধানে স্বাস্থ্য মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত প্রতিবেদনে বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার বিষয় উঠে আসার পর হাসপাতালটির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়।
স্বাস্থ্যসেবা খাতে জবাবদিহিতা নিশ্চিত করতে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে সরকার কঠোর অবস্থান নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ ঘটনায় পরবর্তী আইনগত ও প্রশাসনিক কার্যক্রম চলমান রয়েছে।