শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান। বিএনপি নেতৃত্বাধীন সরকারের যাত্রা শুরুর সাড়ে তিন মাসের মাথায় তিনি এ সিদ্ধান্ত নেন।
সোমবার (১ জুন) সকালে পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে প্রধানমন্ত্রীর কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন তিনি। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুল রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রধানমন্ত্রীর উদ্দেশে লেখা পদত্যাগপত্রে দীপেন দেওয়ান উল্লেখ করেন, মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। অসুস্থতার কারণে মন্ত্রণালয়ের দায়িত্ব ও নিয়মিত কার্যক্রম যথাযথভাবে পরিচালনা করতে সমস্যার সম্মুখীন হচ্ছেন।
তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম ও প্রশাসনিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়াই সমীচীন বলে মনে করছেন। এ কারণে তিনি পদত্যাগপত্র গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানান।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদী আমিন জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে দীপেন দেওয়ানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
দীপেন দেওয়ান দীর্ঘ ১৯ বছর সরকারি চাকরিতে কর্মরত ছিলেন। ২০০৫ সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন। গত ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদ সচিবালয়ে শপথ গ্রহণের পর একই দিন বিকেলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
রাজনৈতিক জীবনে তিনি প্রথমে জেলা বিএনপির আহ্বায়ক এবং পরে জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে পড়াশোনা শেষ করে বিসিএসের মাধ্যমে জুডিশিয়াল সার্ভিসে যোগদান করেছিলেন দীপেন দেওয়ান। পরবর্তীতে সরকারি চাকরি ছেড়ে সক্রিয় রাজনীতিতে যুক্ত হন।