কানাডার টরেন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর-এ বাংলাদেশ থেকে মাংস, দুগ্ধজাত পণ্য ও শাকসবজি নিয়ে যাওয়ার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। ঘোষণা ছাড়া এসব পণ্য বহন করায় তাদের মোট ১ হাজার ৩০০ কানাডিয়ান ডলার জরিমানা করা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় দেড় লাখ টাকার সমান।
স্থানীয় সংবাদমাধ্যম Toronto Sun বৃহস্পতিবার (১৪ মে) এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গোয়েন্দা কুকুরের সহায়তায় ওই যাত্রীদের ব্যাগ থেকে প্রায় ৪৫ কেজি খাদ্যপণ্য জব্দ করা হয়। কানাডার Canada Border Services Agency সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, ধারলা, ওলগা ও থিও নামের তিনটি প্রশিক্ষিত কুকুর এসব পণ্য শনাক্ত করে।
তবে আটক ব্যক্তিদের পরিচয় কিংবা ঠিক কোন তারিখে তাদের আটক করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। শুধু বলা হয়েছে, চলতি মাসে বাংলাদেশ থেকে আসা একটি ফ্লাইটের তিন যাত্রীর ব্যাগ থেকে এসব পণ্য উদ্ধার করা হয়।
সিবিএসএ প্রকাশিত ছবিতে দেখা যায়, জব্দ করা খাদ্যপণ্য টেবিলে সাজিয়ে রাখা হয়েছে এবং সেগুলোর পাশে গোয়েন্দা কুকুরগুলো অবস্থান করছে।
কানাডার নিয়ম অনুযায়ী, দেশটিতে প্রবেশের সময় যেকোনো যাত্রীকে সঙ্গে থাকা খাদ্যপণ্যের তথ্য ঘোষণা করতে হয়। এর মধ্যে কাঁচা বা রান্না করা মাংস, দুধ, মাখন, ডিম, মাছ, পশুর চামড়া ও সামুদ্রিক খাদ্যও অন্তর্ভুক্ত।