ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনী স্থগিত, ক্ষোভ প্রকাশ করলেন পিয়া জান্নাতুল

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী স্থগিত হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন মডেল, অভিনেত্রী ও আইনজীবী পিয়া জান্নাতুল। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান আলোচনা-সমালোচনার মধ্যেই তিনি নিজের অবস্থান তুলে ধরেছেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে পিয়া লিখেছেন, ‘যেখানে যখন যা বলা উচিত না, আমি প্রায়ই সেটাই বলে ফেলি। আর সেই কারণেই অনেক ঝামেলাতেও পড়তে হয়।’

এরপর তিনি ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী স্থগিত হওয়ার প্রসঙ্গ তুলে দেশের শিল্প-সংস্কৃতি রক্ষার প্রশ্ন উত্থাপন করেন।

পিয়া লেখেন, ‘ব্রাহ্মণবাড়িয়ায় বনলতা এক্সপ্রেস বন্ধ হয়ে গেল। যারা জুলাইয়ে মাঠে-ঘাটে নেমে দেশ উদ্ধার করতে চলে এসেছিলেন, বিশেষ করে কিছু মিডিয়াকর্মী এবং সেইসব মানুষ, যারা সময় ও পরিস্থিতি অনুযায়ী একেকবার একেক পক্ষের অবস্থান নেন, তারা কি এখন এগিয়ে এসে নিজেদের সিনেমা, নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্যকে রক্ষা করতে পারবেন?’

তিনি আরও বলেন, ‘দেশ উদ্ধার করার কথা অনেক শুনেছি। এখন দেখার বিষয়, নিজেদের শিল্প, সংস্কৃতি এবং সৃজনশীল অঙ্গন বাঁচানোর সময় তারা কতটা ভূমিকা রাখেন। ধৈর্য নিয়ে দেখছি। সময়ই উত্তর দেবে।’

পিয়ার এই বক্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কেউ তাঁর বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন, আবার কেউ ভিন্নমতও জানিয়েছেন।

জানা গেছে, গত শনিবার ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটির উদ্যোগে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমাটির প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু কওমি শিক্ষার্থীর বিরোধিতার পর সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আয়োজকরা অনুষ্ঠানটি স্থগিত করার সিদ্ধান্ত নেন।

ঘটনার পর থেকেই বিষয়টি সাংস্কৃতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আর সেই আলোচনায় শিল্প-সংস্কৃতি রক্ষার প্রশ্ন তুলে নিজের ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন পিয়া জান্নাতুল।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *