বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসনের আবেদনকারীদের জন্য সুখবর দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। এখন থেকে সব ধরনের অভিবাসী ভিসা আবেদন দ্রুততর সময়ে প্রক্রিয়াকরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার (৩১ মে) এক বিজ্ঞপ্তিতে ঢাকার মার্কিন দূতাবাস জানিয়েছে, আগামী ১ জুন (সোমবার) থেকে সব ধরনের অভিবাসী ভিসা ক্যাটাগরির আবেদন দুই কর্মদিবসের মধ্যে প্রক্রিয়াকরণ করা হবে।
দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, নতুন এ ব্যবস্থার ফলে অভিবাসী ভিসা আবেদনকারীরা আগের তুলনায় দ্রুত সেবা পাবেন এবং আবেদন প্রক্রিয়ায় সময় কম লাগবে।
আবেদনকারীদের ভিসার ধরন ও সংশ্লিষ্ট তথ্য সম্পর্কে বিস্তারিত জানতে দূতাবাসের ‘ডাইরেক্টরি অব ভিসা ক্যাটাগরিস’-এর ‘ইমিগ্র্যান্ট ভিসা ক্যাটাগরিস’ অংশ পর্যালোচনার পরামর্শ দেওয়া হয়েছে।
মার্কিন দূতাবাসের এ উদ্যোগে যুক্তরাষ্ট্রে অভিবাসনের অপেক্ষায় থাকা বাংলাদেশি আবেদনকারীদের ভোগান্তি কমবে এবং ভিসা-সংক্রান্ত কার্যক্রম আরও দ্রুত সম্পন্ন হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।