সোনারগাঁও-এ গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মে) সকালে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এর নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মারা যাওয়া যুবকের নাম আমির (২৫)। চিকিৎসকদের তথ্য অনুযায়ী, তার শরীরের প্রায় ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল। এ নিয়ে ওই বিস্ফোরণের ঘটনায় মোট দুজনের মৃত্যু হলো।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
গত বুধবার (১৩ মে) মেঘনাঘাট এলাকার একটি বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত ১২ জন দগ্ধ হন। পরে আহতদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
এর আগে বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় শংকর (২৫) নামে আরেক যুবকের মৃত্যু হয়। তার শরীরের ৪৬ শতাংশ দগ্ধ ছিল।
চিকিৎসকরা জানান, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা উন্নতি হওয়ায় ছয়জনকে ইতোমধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে আরও চারজন চিকিৎসাধীন রয়েছেন।