চলতি ঈদে মুক্তিপ্রাপ্ত আলোচিত সিনেমা রকস্টার নিয়ে আশাবাদী অভিনেত্রী সাবিলা নূর। তাঁর ভাষায়, এই ছবিতে দর্শকরা একেবারে নতুনভাবে দেখতে পাবেন শাকিব খান-কে।
সম্প্রতি এক টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়ে সাবিলা নূর বলেন, “রকস্টার অনেক ব্যতিক্রমী একটি সিনেমা। এখানে শাকিব ভাই যেভাবে নিজেকে উপস্থাপন করেছেন, তা তাঁর আগের কাজগুলোর তুলনায় সম্পূর্ণ ভিন্ন। এটি একটি মিউজিক্যাল রোমান্টিক সিনেমা, যেখানে আমাদের দু’জনের রসায়ন প্রকাশের অনেক সুযোগ ছিল।”
তিনি আরও বলেন, “আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি, কারণ শাকিব ভাইয়ের সঙ্গে দ্বিতীয় কাজেই এমন একটি চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছি। মীরা এবং আগুন চরিত্রের সম্পর্ক ও রসায়ন দর্শকরা কীভাবে গ্রহণ করেন, তা জানার জন্য আমি খুবই আগ্রহী।”
গত বছরের ঈদুল আজহায় তাণ্ডব সিনেমার মাধ্যমে প্রথমবার বড় পর্দায় জুটি বাঁধেন শাকিব খান ও সাবিলা নূর। এরপর ঈদুল ফিতরে মুক্তি পায় বনলতা এক্সপ্রেস। এবার ঈদুল আজহায় মুক্তি পেল রকস্টার। ফলে টানা তিন ঈদে প্রেক্ষাগৃহে দেখা গেল সাবিলার অভিনীত সিনেমা।
এ বিষয়ে সাবিলা বলেন, “তিনটি সিনেমাই ভিন্ন ধরনের। তাণ্ডব ছিল বাণিজ্যিক ধাঁচের, বনলতা এক্সপ্রেস ছিল সম্পূর্ণ আলাদা, আর রকস্টারের মীরা চরিত্রও আগের দুই চরিত্রের চেয়ে একেবারে ভিন্ন। এমন বৈচিত্র্যময় চরিত্রে কাজ করার সুযোগ পেয়ে আমি নিজেকে ভাগ্যবান মনে করি।”
দীর্ঘদিন নাটকে কাজ করার পর চলচ্চিত্রে নিজের আলাদা পরিচয় গড়ে তোলার ইচ্ছার কথাও জানান তিনি। সাবিলার মতে, নাটকে তাঁর ‘পাশের বাড়ির মেয়ের’ যে পরিচিত ইমেজ ছিল, সিনেমার মাধ্যমে তা ভাঙতে চেয়েছেন তিনি। বিশেষ করে তাণ্ডব সিনেমার জনপ্রিয় গান “লিচুর বাগানে” দর্শকদের কাছে তাঁকে নতুনভাবে পরিচিত করেছে।
রকস্টার সিনেমায় একজন সংগীতশিল্পীর জীবনসংগ্রাম, স্বপ্ন, উত্থান-পতন এবং বাস্তব অভিজ্ঞতার গল্প তুলে ধরা হয়েছে। নির্মাতা আজমান রুশো জানিয়েছেন, সংগীত জগতের সঙ্গে নিজের সম্পৃক্ততা এবং বাস্তব জীবনের বিভিন্ন অভিজ্ঞতা থেকেই গল্পটির অনুপ্রেরণা এসেছে।
সিনেমাটিতে শাকিব খান ও সাবিলা নূরের পাশাপাশি অভিনয় করেছেন তানজিয়া মিথিলা এবং সুনিধি নায়েক। ছবির অধিকাংশ গানের কথা ও সুর করেছেন আহমেদ হাসান সানি। সংগীত পরিচালনায় রয়েছেন জাহিদ নিরব।