যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে প্রায় ৭ কোটি ১৪ লাখ টাকা মূল্যের ৩১টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় স্বর্ণ চোরাচালানের অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।
শনিবার (২০ জুন) রাত ২টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর-নড়াইল মহাসড়কে অভিযান পরিচালনা করে। অভিযানে ব্যাটালিয়নের ১ নম্বর গেটের সামনে একটি প্রাইভেট কার তল্লাশি করে ৩ কেজি ৬৪১ গ্রাম ওজনের ৩১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, অভিযানে দুইজন স্বর্ণ চোরাকারবারিকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে স্বর্ণের বার ছাড়াও একটি প্রাইভেট কার, তিনটি মোবাইল ফোন এবং নগদ ৪ হাজার ৮১৫ টাকা জব্দ করা হয়।
উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ১৩ লাখ ৬৪ হাজার ৯৯০ টাকা। জব্দকৃত প্রাইভেট কার, মোবাইল ফোন ও নগদ অর্থসহ মোট জব্দকৃত মালামালের মূল্য প্রায় ৭ কোটি ৬৮ লাখ ৫৫ হাজার ৮০৫ টাকা।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্ত এলাকায় স্বর্ণসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। তাদের যশোর কোতয়ালী থানা-এ হস্তান্তর করা হবে এবং উদ্ধারকৃত স্বর্ণ সরকারি ট্রেজারিতে জমা দেওয়া হবে বলে জানিয়েছে বিজিবি।