ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা এলাকায় আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও বগির সংযোগকারী হুক ভেঙে যাওয়ায় সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে ঢাকা-ময়মনসিংহ রুটের রেল যোগাযোগ।
সোমবার (১৫ জুন) দুপুর ১২টা ২০ মিনিটে উপজেলার শহীদনগর পশ্চিম গোলাবাড়ি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আকতার হোসেন। তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে যাওয়া ভুয়াপুরগামী জামালপুর এক্সপ্রেস শহীদনগর এলাকায় পৌঁছালে চলন্ত অবস্থায় ট্রেনটির ইঞ্জিন ও যাত্রীবাহী বগির সংযোগস্থলের হুক হঠাৎ ভেঙে যায়।
এতে ইঞ্জিনটি বগি থেকে বিচ্ছিন্ন হয়ে কিছু দূর এগিয়ে যায়। পরে চালক বিষয়টি টের পেয়ে ইঞ্জিনটি পেছনে নিয়ে এসে বিচ্ছিন্ন বগির সঙ্গে যুক্ত করার চেষ্টা করেন।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ঘটনার পর নিরাপত্তার স্বার্থে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ফলে এই রুটে চলাচলকারী কয়েকটি ট্রেনের সময়সূচিতে বিঘ্ন ঘটতে পারে।
ওসি আকতার হোসেন বলেন, ভেঙে যাওয়া হুক মেরামতের কাজ চলছে। দ্রুত মেরামত সম্পন্ন করে রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।
তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার কারণ অনুসন্ধানে রেলওয়ে কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।












