ইসলামী ব্যাংক বাংলাদেশের বর্তমান পরিচালনা পর্ষদের সকল সদস্যের পদত্যাগ, নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিল এবং সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খানকে পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ব্যাংকটির সচেতন গ্রাহক ফোরামের সদস্যরা।
মঙ্গলবার (২ জুন) সকালে রাজধানীর মতিঝলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পূর্বঘোষিত কর্মসূচিতে কয়েকশ গ্রাহক অংশ নেন এবং বিভিন্ন দাবিতে স্লোগান দেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি জলকামান ও সাঁজোয়া যান প্রস্তুত রাখা হয়। আইনশৃঙ্খলা বাহিনী সার্বিক পরিস্থিতির ওপর সতর্ক নজরদারি অব্যাহত রাখে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, ব্যাংকের পরিচালনা পর্ষদে সাম্প্রতিক পরিবর্তন এবং নতুন চেয়ারম্যান নিয়োগের ফলে গ্রাহকদের মধ্যে উদ্বেগ ও আস্থার সংকট তৈরি হয়েছে। তারা ব্যাংকের পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানান।
এর আগে সোমবার একই স্থানে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান মো. খুরশীদ আলমের নিয়োগ বাতিল এবং সাবেক এমডি ওমর ফারুক খানকে পুনর্বহালের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ওই কর্মসূচিকে কেন্দ্র করে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিও সৃষ্টি হয়েছিল।
উল্লেখ্য, গত ২৪ মে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান পদত্যাগ করেন। পরে সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকেই গ্রাহক ও শেয়ারহোল্ডারদের একাংশের মধ্যে অসন্তোষ দেখা দেয়।
ব্যাংকটির সচেতন গ্রাহক ফোরাম জানিয়েছে, তাদের দাবির বিষয়ে সন্তোষজনক পদক্ষেপ না নেওয়া হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হতে পারে।