রানের সঙ্গে চলমান উত্তেজনা নিরসনে যুদ্ধবিরতি সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিভিন্ন মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় দেশের নেতাদের সঙ্গে ফোনালাপের পর তিনি এ মন্তব্য করেন।
আল জাজিরার খবরে বলা হয়েছে, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান, জর্ডান, মিশর, তুরস্ক ও বাহরাইনের নেতৃবৃন্দ ও কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে ট্রাম্প জানান, সম্ভাব্য এই চুক্তির আওতায় হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে।
তবে তিনি বলেন, চুক্তিটি এখনো চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। যুক্তরাষ্ট্র, ইরান ও সংশ্লিষ্ট অন্যান্য দেশের আলোচকদের মধ্যে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা চলছে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, “চুক্তির চূড়ান্ত বিষয়গুলো এখনো আলোচনায় রয়েছে এবং খুব শিগগিরই তা ঘোষণা করা হবে।”
এদিকে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও আলাদা করে কথা বলেছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
এর আগে চলতি সপ্তাহে ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর সময় দ্রুত ফুরিয়ে আসছে। একইসঙ্গে তিনি জানান, নতুন করে হামলা চালানোর সিদ্ধান্ত প্রায় নিয়েই ফেলেছিলেন, তবে উপসাগরীয় দেশগুলোর অনুরোধে তা আপাতত স্থগিত রাখা হয়েছে।
এদিকে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির সম্প্রতি ইরান সফর শেষ করেছেন। পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে সফরটিকে “সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত ফলপ্রসূ” বলে উল্লেখ করা হয়েছে।
তেহরান বরাবরই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় সতর্ক অবস্থান বজায় রেখেছে। ইরানের অভিযোগ, পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার সময় অতীতে দু’বার দেশটিতে সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।