বাংলাদেশের প্রত্যেক নাগরিকের স্বার্থ ও প্রয়োজন বিবেচনায় রেখে জাতীয় বাজেট প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ভঙ্গুর অর্থনীতি ও ঋণের চাপের মধ্যেও সরকার এমন একটি বাজেট দেওয়ার চেষ্টা করছে, যাতে দেশের সব শ্রেণি-পেশার মানুষ উপকৃত হন।
বুধবার (৩ জুন) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, “বাংলাদেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় নানা চ্যালেঞ্জ থাকলেও আমরা এমন একটি বাজেট তৈরির চেষ্টা করেছি, যেখানে সবার অংশগ্রহণ নিশ্চিত হবে এবং অর্থনৈতিক উন্নয়নের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাবে।”
তিনি জানান, পূর্ববর্তী সময়ের ঋণের বোঝা ও দুর্বল অর্থনৈতিক অবস্থার কারণে সরকারকে কঠিন পরিস্থিতিতে দায়িত্ব নিতে হয়েছে। তারপরও অর্থনীতিকে ঘুরে দাঁড় করাতে এবং দীর্ঘমেয়াদি উন্নয়নের ভিত্তি গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বিনিয়োগ প্রসঙ্গে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের অর্থনীতিকে ঋণনির্ভরতা থেকে বের করে বিনিয়োগভিত্তিক অর্থনীতিতে রূপান্তর করাই সরকারের লক্ষ্য। পরিচালন ব্যয় কমিয়ে উৎপাদন ও বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে অর্থনীতিকে শক্তিশালী করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, “আমরা এমন একটি অর্থনীতি গড়ে তুলতে চাই, যা দেশের মানুষের স্বার্থ রক্ষা করবে এবং বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে এগিয়ে নিয়ে যাবে। সেই লক্ষ্য বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে।”