মোটরসাইকেলের ওপর সম্ভাব্য নতুন কর আরোপের পরিকল্পনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বাইকাররা। রোববার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রধান কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় এনবিআর ভবনের সামনের সড়কে সারিবদ্ধভাবে মোটরসাইকেল রেখে সম্ভাব্য কর আরোপের প্রতিবাদ জানান অংশগ্রহণকারীরা।
বাইকারদের দাবি, মোটরসাইকেল এখন আর বিলাসবহুল পণ্য নয়; বরং সাধারণ মানুষের যাতায়াত ও জীবিকার অন্যতম প্রধান মাধ্যম। এর ওপর অতিরিক্ত কর আরোপ করা হলে অনেক মানুষের জীবিকা হুমকির মুখে পড়বে।
আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে মোটরসাইকেল মালিকদের ওপর নতুন করে অগ্রিম আয়কর (এআইটি) বা বাড়তি শুল্ক আরোপের আলোচনা চলছে। এর প্রতিবাদেই তারা কর্মসূচিতে অংশ নেন।
পরে মোটরসাইকেল ব্যবহারকারীদের একটি প্রতিনিধিদল ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মোটরসাইকেলের ওপর অগ্রিম আয়কর আরোপ না করার দাবিতে এনবিআর চেয়ারম্যানের কাছে স্মারকলিপি জমা দেন।
স্মারকলিপিতে বলা হয়, প্রস্তাবিত বাজেটে ১১১-১২৫ সিসির মোটরসাইকেলের জন্য বছরে ২ হাজার টাকা, ১২৬-১৬৫ সিসির জন্য ৫ হাজার টাকা এবং ১৬৫ সিসির বেশি মোটরসাইকেলের জন্য ১০ হাজার টাকা অগ্রিম আয়কর আরোপের প্রস্তাব করা হয়েছে। এতে দেশের লাখো মোটরসাইকেল ব্যবহারকারীর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।