২০২৬ ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই নিজের জাদুকরী ফুটবলের ঝলক দেখালেন লিওনেল মেসি। ম্যাচের ১৭ মিনিটেই গোলের খাতা খুলে পরে পূর্ণ করেন দুর্দান্ত হ্যাটট্রিক। আর্জেন্টিনার এই দাপুটে জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাসে মেতে উঠেছেন দেশের শোবিজ অঙ্গনের তারকারা।
ঢালিউড অভিনেত্রী পরীমণি খেলা দেখার একটি ছবি শেয়ার করে ফুটবলের প্রতি নিজের ভালোবাসার প্রকাশ ঘটান। মেসিকে ইঙ্গিত করে তিনি লিখেছেন, “আমার ছোট্ট মেসি, মাশাআল্লাহ।”
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীও আর্জেন্টিনার জয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন সংক্ষিপ্ত এক বার্তায়। আর্জেন্টিনার পতাকার প্রতীক যুক্ত করে তিনি লিখেছেন, “ঠিক আছে, শুভরাত্রি।”
তরুণ অভিনেত্রী কেয়া পায়েল মেসির গোলের পর উচ্ছ্বাস ধরে রাখতে পারেননি। মেসির ছবি শেয়ার করে তিনি লিখেছেন, “মেসিইইইই, মেসিইইইই, লিও মেসিইইইইইইই সব সময়ই সে।” একই সঙ্গে বিশ্বকাপের প্রথম ম্যাচেই মেসির গোল করার বিষয়টি তুলে ধরে তার প্রশংসা করেন তিনি।
অভিনেত্রী তানিয়া বৃষ্টিও আর্জেন্টিনাকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, “বিজয়ীর মানসিকতা! অভিনন্দন আর্জেন্টিনা, মেসি।”
জনপ্রিয় সংগীতশিল্পী তাসরীফ খান মেসির হ্যাটট্রিকের প্রশংসা করে বলেন, “সারাজীবন বুক ফুলিয়ে বলবো আমরা মেসির খেলা দেখা প্রজন্ম। কী অসাধারণ হ্যাটট্রিক!”
মেসির পারফরম্যান্স নিয়ে প্রতিপক্ষ সমর্থকদের উদ্দেশে মজার খোঁচাও দিয়েছেন কয়েকজন তারকা। অভিনেতা খায়রুল বাসার মেসির ছবি পোস্ট করে লিখেছেন, “প্রথম দিনেই হ্যাটট্রিক, রাগ করলা?”
একই সুরে অভিনেতা ইরফান সাজ্জাদ লেখেন, “মেসি পেনাল্টি থেকে পরপর তিনটা গোল দিয়ে দিল, আর তোমাদের কোনো আওয়াজ নাই! রাগ করলা নাকি?”
ফুটবলীয় প্রতিদ্বন্দ্বিতা ভুলে ক্রীড়াসুলভ মনোভাবেরও পরিচয় দিয়েছেন সংগীতশিল্পী পড়শী। ব্রাজিলের সমর্থক হলেও আর্জেন্টিনাকে শুভকামনা জানিয়ে তিনি লিখেছেন, “আমি ব্রাজিল সমর্থক হলেও আর্জেন্টিনার জন্য শুভকামনা। কারণ আমি ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চাই।”
মেসির হ্যাটট্রিক ও আর্জেন্টিনার দুর্দান্ত সূচনায় শুধু সমর্থকরাই নন, দেশের শোবিজ অঙ্গনের তারকারাও যেন উৎসবের আবহে মেতে উঠেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে তাদের উচ্ছ্বাসই তার প্রমাণ।