ইরান থেকে ছোড়া ড্রোন হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। হামলার পর বিমানবন্দরের বাণিজ্যিক ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল সৌদ আবদুলআজিজ আল-ওতাইবি জানান, বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে একাধিক বিস্ফোরকবাহী ড্রোন কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-১ ভবনে আঘাত হানে। এতে টার্মিনাল ভবনের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয় এবং বেশ কয়েকজন আহত হন।
হামলার পর কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সব বাণিজ্যিক ফ্লাইট স্থগিত করে এবং বিকল্প বিমানবন্দরে ফ্লাইট সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। বিমানবন্দরের অবকাঠামো ও পরিচালন ব্যবস্থা পরীক্ষা করে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
এদিকে কুয়েতের সশস্ত্র বাহিনী জানিয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যেকোনো ধরনের নিরাপত্তা হুমকি মোকাবিলায় তারা পূর্ণ প্রস্তুত রয়েছে।
হামলার কয়েক ঘণ্টা আগে কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার চেষ্টা হয়েছিল বলে যুক্তরাষ্ট্র ও কুয়েতের সামরিক সূত্র জানিয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, ইরানের কয়েকটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে পৌঁছাতে ব্যর্থ হয় এবং কিছু হামলা প্রতিহত করা হয়।
তবে এই ড্রোন হামলা সম্পর্কে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।