রাজধানী ঢাকার যানজট ও পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে আগামী দুই থেকে আড়াই বছরের মধ্যে চারটি আন্তঃজেলা বাস টার্মিনাল শহরের বাইরে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
বৃহস্পতিবার সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক সংলাপে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, পর্যায়ক্রমে গাবতলী, মহাখালী, সায়েদাবাদ ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল রাজধানীর বাইরে সরিয়ে নেওয়া হবে। পরিকল্পনা অনুযায়ী সায়েদাবাদ বাস টার্মিনাল স্থানান্তর করা হবে কাঞ্চপুরে, ফুলবাড়িয়া টার্মিনাল যাবে কেরানীগঞ্জে, গাবতলী টার্মিনাল স্থানান্তরিত হবে হেমায়েতপুরে এবং মহাখালী টার্মিনাল সরিয়ে নেওয়া হবে উত্তরা ও আব্দুল্লাহপুর সংলগ্ন এলাকায়।
তিনি বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় বাস কোম্পানিগুলোর কাউন্টারকে কেন্দ্র করে অনানুষ্ঠানিক টার্মিনালের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষ করে কলাবাগান, কল্যাণপুরসহ বিভিন্ন স্থানে রাস্তার পাশে বাস দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করানো হচ্ছে, যা যানজট বাড়াচ্ছে।
শেখ রবিউল আলম জানান, এসব কাউন্টারও পর্যায়ক্রমে সরিয়ে নেওয়া হবে। একই সঙ্গে কাউন্টারের সামনে বাস এনে যাত্রী ওঠানো-নামানোর সুযোগ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংলাপে পদ্মা সেতুর পিলারের কাছে মাটি অপসারণের বিষয়েও কথা বলেন মন্ত্রী। তিনি জানান, বিষয়টি নিয়ে সেনাবাহিনীর প্রকৌশলী ও সেতু বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করা হয়েছে। তাদের মতে, ওই মাটি অপসারণে সেতুর কোনো ঝুঁকি নেই। বরং নদীর স্বাভাবিক প্রবাহ, নাব্যতা, পরিবেশগত ভারসাম্য এবং পানি চলাচল স্বাভাবিক রাখতে এটি প্রয়োজন।
বিএসআরএফের সভাপতি মাসউদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপ সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।