নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জেরা মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্রে গ্যাস লাইনের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কেন্দ্রটির অন্তত ১২ কর্মকর্তা-কর্মচারী দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৩ মে) দুপুর ১টার দিকে উপজেলার মেঘনাঘাট এলাকায় অবস্থিত বিদ্যুৎকেন্দ্রের নিজস্ব ক্যান্টিনে এ দুর্ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দুপুরের খাবারের সময় ক্যান্টিনের বুফেতে খাবার খাচ্ছিলেন কর্মকর্তা ও কর্মচারীরা। এ সময় হঠাৎ গ্যাস লিকেজ থেকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে ক্যান্টিনে থাকা কয়েকজন দগ্ধ হন। পরে সহকর্মীরা দ্রুত আহতদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান।
দগ্ধরা হলেন— নাজমুল শেখ (৪০), সাইফুল ইসলাম (৩০), রামিজুল (৪৫), আমির (২৫), শঙ্কর (২৫), কাউসার (৩০), তুহিন শেখ (৩০), মনির হোসেন (৪৫), আল-আমিন (৪০), ওসমান গনি (৩০), সুপ্রভাত ঘোষ (৪২) ও বদরুল হায়দার (৫০)।
জানা গেছে, তাদের শরীরের বিভিন্ন অংশ, বিশেষ করে হাত, মুখ ও পা দগ্ধ হয়েছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, দুপুরে বিদ্যুৎকেন্দ্র থেকে দগ্ধ ১২ জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। কার কত শতাংশ দগ্ধ হয়েছে, তা পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা যাবে।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে জানা গেছে।