বিশ্বকাপের শিরোপাধারী আর্জেন্টিনার অভিযান শুরু হচ্ছে বুধবার। গ্রুপ ‘জে’-তে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল। যুক্তরাষ্ট্রের কানসাস সিটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে ম্যাচটি।
ম্যাচের আগে আর্জেন্টিনা শিবিরে সবচেয়ে বড় স্বস্তির খবর, চোট কাটিয়ে শুরুর একাদশে ফিরছেন অধিনায়ক লিওনেল মেসি। আর্জেন্টাইন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, তাকে প্রথম একাদশে রেখেই পরিকল্পনা সাজিয়েছেন কোচ স্কালোনি।
গোলপোস্টেও ফিরছেন দলের নির্ভরতার প্রতীক এমিলিয়ানো মার্টিনেজ। ডান হাতের আঙুলে চিড় ধরা পড়ায় প্রস্তুতি ম্যাচ ও কয়েকটি অনুশীলনে অংশ নিতে পারেননি তিনি। তবে এখন পুরোপুরি ফিট হয়ে মাঠে নামার জন্য প্রস্তুত।
রক্ষণভাগে একটি জায়গা নিয়ে এখনও কিছুটা সংশয় রয়েছে। ডান প্রান্তে নাহুয়েল মোলিনা নাকি গঞ্জালো মন্তিয়েল খেলবেন, সে সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। তবে মোলিনার সম্ভাবনাই বেশি। চোট কাটিয়ে ফিরেছেন ক্রিস্টিয়ান রোমেরোও। সেন্টার-ব্যাকে তার সঙ্গী হিসেবে অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দির খেলার সম্ভাবনা বেশি।
অন্যদিকে বাঁ প্রান্তে ধাক্কা খেয়েছে আর্জেন্টিনা। হন্ডুরাসের বিপক্ষে ম্যাচে কাফ মাংসপেশিতে চোট পাওয়ায় ছিটকে গেছেন নিকোলাস তাগলিয়াফিকো। তার পরিবর্তে একাদশে সুযোগ পেতে পারেন ফাকুন্দো মেদিনা।
মিডফিল্ডে দেখা যেতে পারে পরিচিত ত্রয়ী রদ্রিগো ডি পল, এঞ্জো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে। আক্রমণভাগের ঠিক পেছনে থাকবেন থিয়াগো আলমাদা।
সামনের সারিতে লিওনেল মেসির সঙ্গী হিসেবে খেলবেন দুর্দান্ত ছন্দে থাকা লাওতারো মার্টিনেজ। গোড়ালির চোট থেকে সেরে উঠলেও হুলিয়ান আলভারেজকে শুরুতে বেঞ্চে রাখার পরিকল্পনা রয়েছে কোচিং স্টাফের। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী তাকে নামানো হতে পারে।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:
এমিলিয়ানো মার্টিনেজ; নাহুয়েল মোলিনা (অথবা গঞ্জালো মন্তিয়েল), ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা; রদ্রিগো ডি পল, এঞ্জো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার; থিয়াগো আলমাদা; লিওনেল মেসি ও লাওতারো মার্টিনেজ।
আলজেরিয়ার বিপক্ষে জয় দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করতে চাইবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। আর সেই লক্ষ্য পূরণে মেসি-মার্টিনেজদের ফেরাটা আর্জেন্টিনার জন্য বড় শক্তির উৎস হয়ে উঠতে পারে।